জকিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি
দৈনন্দিন
প্রকাশঃ ২৪ জুলাই, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামে অগ্নিকাণ্ডে অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর পুড়ে গেছে। এতে নগদ অর্থ, স্বর্ণালংকার, মূল্যবান আসবাবপত্র, পেনশনের নথি, শিক্ষাগত সনদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্ত মো. এখলাছুর রহমান জকিগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাঁর স্ত্রী সালমা খাতুনও একজন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
মো. এখলাছুর রহমান জানান, ফজরের নামাজের পর তিনি ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। স্থানীয়দের চিৎকারে ঘুম ভেঙে বাইরে এসে দেখেন তাঁদের বসতঘরে আগুন জ্বলছে। তিনি বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে তাঁরা প্রাণে রক্ষা পেলেও সারা জীবনের সঞ্চয় আগুনে পুড়ে গেছে।
তিনি আরও জানান, আগুনে তার ও তাঁর স্ত্রীর পেনশনের প্রয়োজনীয় নথিপত্র, ছেলে মো. বাহার উদ্দিন, কাওছার আহমদ, গুলজার আহমদ, মো. আনহার উদ্দিন ও আজহারুল ইসলামের শিক্ষাগত সনদ, ব্যাংক ও বীমাসংক্রান্ত কাগজপত্র, নগদ এক লাখ টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার এবং ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা বাবর হোসেন জানান, আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সময়মতো না পৌঁছালে আগুন পাশের আরও কয়েকটি বসতঘরেও ছড়িয়ে পড়তে পারত বলে জানান তিনি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, শুক্রবার আনুমানিক সকাল ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
জকিগঞ্জ, অগ্নিকাণ্ড, এখলাছুর রহমান, শর্ট সার্কিট, ফায়ার সার্ভিস