দীর্ঘদিন পর সচল হলো সিলেটের কিন ব্রিজের বাতি
দৈনন্দিন
প্রকাশঃ ১৭ জুলাই, ২০২৬ ৯:১৫ অপরাহ্ন
দীর্ঘদিন পর সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজের বিকল থাকা বাতিগুলো সচল করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, সিলেটের ঐতিহ্য, ইতিহাস ও সৌন্দর্যের অন্যতম প্রতীক কিন ব্রিজ দীর্ঘদিন ধরে পর্যাপ্ত আলোর অভাবে তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলেছিল। দায়িত্ব গ্রহণের পর থেকে শুধু উন্নয়ন নয়, নগরের ঐতিহ্য সংরক্ষণ ও নাগরিকদের জন্য নিরাপদ ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করাকেই লক্ষ্য হিসেবে ঠিক করেছিলেন বলে জানান তিনি।
তিনি আরও লিখেন, এটি শুধু কিছু বাতি জ্বালানোর কাজ নয়; এটি আমাদের প্রিয় নগরের সৌন্দর্য, নিরাপত্তা এবং ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতার একটি বাস্তব প্রতিফলন।
উন্নয়নকাজ একদিনে দৃশ্যমান হয় না মন্তব্য করে তিনি বলেন, প্রতিটি পরিবর্তনের পেছনে পরিকল্পনা, আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টা থাকে। এ প্রসঙ্গে নগরবাসীর প্রতি তাঁর অনুরোধ, আরও একটু সময় দিন, ধৈর্য রাখুন। ইনশাআল্লাহ, সিলেট নগরীর প্রতিটি উন্নয়নকাজ ধীরে ধীরে আপনাদের চোখের সামনেই দৃশ্যমান হবে।
কিন ব্রিজ, সিলেট, বাতি