১৭ জুলাই ২০২৬

রাজনীতি / সরকার

সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বসেরা: উপদেষ্টা হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ জুলাই, ২০২৬ ৭:১৯ অপরাহ্ন

ছবিঃ প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আহমদ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আহমদ বলেছেন, সরকার এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য একটি অবারিত পরিবেশ নিশ্চিত করতে বিশ্বাসী। শুধু এই পরিবেশ তৈরি করাই যথেষ্ট নয় দক্ষিণ-পূর্ব এশিয়া কিংবা বিশ্বের যেকোনো প্রান্তের তুলনায় বাংলাদেশেই প্রকৃত অর্থে সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে জীবন্ত উদাহরণ বিদ্যমান। যারা বাংলাদেশের বাইরে বসবাস করছেন, জীবন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি দেখতে চাইলে তাদের বাংলাদেশে আসার আহ্বান জানান তিনি।


শুক্রবার (১৭ জুলাই) ইসকন ইয়ুথ ফোরামের আয়োজিত এক সেমিনারে যোগ দিয়ে তিনি বলেন, উপস্থিত প্রত্যেক তরুণ-তরুণী যেকোনো বাংলাদেশির মতোই সমান এবং কোনো বাধা, চ্যালেঞ্জ বা ভয় ছাড়াই তারা নিজেদের কাঙ্ক্ষিত ক্ষেত্রে সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পারবে, কারণ তারাও বাংলাদেশেরই অংশ।

হুমায়ুন কবির আহমদ বলেন, দেশের জনগণের ভোটেই বিএনপি সরকার গঠন করেছে এবং উপস্থিত তরুণরাও বাংলাদেশের জনগণেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এখন তা বাস্তবায়নের সময়। ক্ষমতা গ্রহণের পর ৪৮ ঘণ্টার মধ্যেই পবিত্র রমজান মাস শুরু হওয়া, মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকটসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও সরকার আগাম সিদ্ধান্তের মাধ্যমে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রেখেছে বলে দাবি করেন তিনি। এতে জনগণকে মূল্যবৃদ্ধির কষ্ট ভোগ করতে হয়নি এবং দেশ জনগণের আস্থার ওপর ভর করে স্থিতিশীল থেকেছে বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষা খাতে সরকারের নেওয়া উদ্যোগের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, মেয়েদের উচ্চশিক্ষা কিংবা কারিগরি শিক্ষা গ্রহণে সরকার বৃত্তির মাধ্যমে সহায়তা দিয়ে যাচ্ছে। নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে নিজ নিজ স্বপ্ন পূরণে এই সহায়তা কাজে লাগবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া তরুণদের ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে সহায়ক একটি ব্যাংকিং ও আর্থিক অবকাঠামো গড়ে তোলা হয়েছে বলেও জানান তিনি।

বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বার্তা পৌঁছে দিয়ে উপদেষ্টা হুমায়ুন কবির আহমদ তরুণদের উদ্দেশে বলেন, ‘তোমরা তোমাদের স্বপ্ন দেখা বন্ধ করো না।’


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। 

 

বিশেষ অতিথির বক্তব্য দেন ইসকন বাংলাদেশের রিসলভের চেয়ারম্যান যুগধর্ম দাস, ইসকন বাংলাদেশের ক্রাইসিস ম্যানেজমেন্টের চেয়ারম্যান ঋষিকেশ গৌরাঙ্গ দাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিলেটের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনীতিবিদ এমদাদ হোসেন চৌধুরী, বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি, ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী এবং ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ ত্রাণ ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী প্রমুখ।

 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইসকন সিলেট ইয়ুথ ফোরামের সমন্বয়ক দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারী।

 

অনুষ্ঠানে ডিপ্লোমা ইন ভগবদ্গীতা কোর্স সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, ভক্তবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ