১৭ জুলাই ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জুলাই শহিদরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন: সিকৃবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৬ ৭:১০ অপরাহ্ন


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, ‘আজ আমরা গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে জুলাই শহিদ দিবস পালন করছি। এই দিনে আমরা স্মরণ করছি সেইসব সাহসী শহিদদের, যারা দেশের মানুষের ন্যায্য অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

 

উপাচার্য বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান আমাদের শিখিয়েছে যে, অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। এই আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার। শহিদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে আমাদের গবেষণা, উদ্ভাবন এবং মানবসম্পদ উন্নয়নকে আরও গতিশীল করতে হবে।’

 

তিনি আরও বলেন, আমরা যেন শহিদদের আত্মত্যাগকে কেবল স্মরণেই সীমাবদ্ধ না রাখি; বরং তাদের আদর্শকে ধারণ করে দায়িত্বশীল আচরণ, সুশাসন, মানবিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দেশপ্রেমের চর্চা করি। তাহলেই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা প্রকৃত অর্থে সার্থক হবে। এছাড়াও শহিদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল এবং প্রার্থনার আয়োজন করা হয়।জুলাই শহিদ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। 


এতে নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

 

র‌্যালি শেষে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় সিকৃবি হেলথ কেয়ার সেন্টারে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য।

 

এ ছাড়া জুলাই শহিদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ, দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করা হয়।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিকৃবি, জুলাই শহিদ দিবস, ড. মো. আলিমুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, র‌্যালি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ