১৭ জুলাই ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

হবিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন


হবিগঞ্জের বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর গুরুতর আহত হয়েছেন।


বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন বানিয়াচং-আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক সড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দন দাসের ছেলে অন্তর দাস (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী মহল্লার ফুল মিয়ার ছেলে তানভীর মিয়া (১৮) এবং একই মহল্লার নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (৩০)।


আহতরা হলেন— চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুস শহিদের ছেলে সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) এবং গোছাপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. মিজান মিয়া (২৭)। তারা দুজনই ব্যুরো বাংলাদেশ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মী বলে জানা গেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জলসুখা ব্রিজ এলাকায় দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তানভীর মিয়া (১৮) নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অন্তর দাস ও আবিদুল লস্করকে মৃত ঘোষণা করেন।

 

এদিকে আহত সাহিদুল ইসলাম বাচ্চু ও মো. মিজান মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আজমিরীগঞ্জ, বানিয়াচং, সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল সংঘর্ষ, হবিগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ