সংক্রমণ কমলেও থামছে না মৃত্যু, সিলেটে এক সপ্তাহে প্রাণ গেল ৫ শিশুর
যাপিতজীবন
প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৬ ১২:১৩ অপরাহ্ন
সিলেটে গত এক সপ্তাহে ল্যাব পরীক্ষায় নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি। তবে একই সময়ে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। পাঁচজনের মধ্যে তিন শিশুর বাড়ি সুনামগঞ্জে। আর দুইজনের সিলেটে।
নতুন করে সংক্রমণ কমলেও মৃত্যু অব্যাহত থাকায় উদ্বেগ ছড়াচ্ছে। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, টিকাদান কর্মসূচির সফলতার কারণে প্রতিদিন রোগী ভর্তির সংখ্যা অনেক কমেছে এবং মৃত্যুর হারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায়। এই সময়ে ল্যাব পরীক্ষায় কোনো হাম রোগী শনাক্ত হয়নি।
এর আগে বুধবার (১৫ জুলাই) সিলেটে হামে আক্রান্ত ও মৃত্যু কোনোটিই ছিল না। তবে মঙ্গলবার (১৪ জুলাই) দুই শিশুর মৃত্যু হয়। তাদের মধ্যে একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
মারা যাওয়া শিশুদের একজনের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় এবং অন্যজনের সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। ওইদিনও নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি।
সোমবার (১৩ জুলাই) সন্দেহজনক হাম রোগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুনামগঞ্জ সদর উপজেলার এক শিশুর মৃত্যু হয়। সেদিনও নতুন আক্রান্তের তথ্য পাওয়া যায়নি।
এর আগে শনিবার (১১ জুলাই) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুনামগঞ্জের দিরাই উপজেলার এক শিশুর মৃত্যু হয়। ওইদিনও ল্যাব পরীক্ষায় কোনো নতুন হাম রোগী শনাক্ত হয়নি।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে সিলেটে নতুন কোনো হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা ছিল পাঁচজনে। এতে প্রশ্ন ওঠেছে, আক্রান্তের সংখ্যা কমে আসার পরও কেন মৃত্যুর ঘটনা ঘটছে।
সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুবুল আলম বলেন, টিকাদান কর্মসূচির সফলতার কারণে প্রতিদিন রোগী ভর্তির সংখ্যা অনেক কমেছে এবং মৃত্যুর হারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। যেখানে আগে প্রতিদিন ৪-৫ জন মারা যেতো, এখন অনেক দিন কোনো মৃত্যু নেই। ‘হার্ড ইমিউনিটি’ অর্জিত হলে এর সুফল আরও ভালোভাবে পাওয়া যাবে।
উল্লেখ্য, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী সিলেট বিভাগে বৃহস্পতিবার (১৬ জুলাই) পর্যন্ত ৯৬জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে নিশ্চিত হামে ৪জন ও সন্দেহজনক হামে অর্থাৎ হামের লক্ষণ নিয়ে মারা গেছেন ৯২জন।
মারা যাওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি সুনামগঞ্জে। এ জেলায় মারা গেছেন ৪৩জন। এছাড়াও সিলেটে ৩৪জন, মৌলভীবাজারে ১১জন ও হবিগঞ্জে ৮জন।
অন্যদিকে, এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৫১২জনের। তারমধ্যে হবিগঞ্জে ৫১জন, মৌলভীবাজারে ১৭জন, সুনামগঞ্জে ২৭২জন ও সিলেটে ১৭২জন।
সিলেট, হাম, সংক্রমণ, মৃত্যু