১২ জুলাই ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / দুর্যোগ

মেঘালয়ে বৃষ্টি, বাড়ছে সিলেটের নদ-নদীর পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ জুলাই, ২০২৬ ৩:১৫ অপরাহ্ন


ভারতের মেঘালয় রাজ্যে টানা ভারী বৃষ্টিপাতের প্রভাবে সিলেটের প্রধান নদ-নদীগুলোর পানি বাড়ছে। জেলার অধিকাংশ নদীর পানি এখনও বিপৎসীমার নিচে থাকলেও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ধারাবাহিকভাবে পানি বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। তবে সারী-গোয়াইন অববাহিকার জাফলং পয়েন্টে গোয়াইন নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার কাছাকাছি রয়েছে।


সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শনিবারের দৈনিক পর্যবেক্ষণ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।


বুলেটিন অনুযায়ী, শনিবার দুপুর ১২টা পর্যন্ত সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানির উচ্চতা ছিল ১২ দশমিক ৩৪ সেন্টিমিটার (এমএসএল), যেখানে বিপৎসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার। সিলেট পয়েন্টে পানির উচ্চতা ছিল ৯ দশমিক ৮০ সেন্টিমিটার, যা বিপৎসীমার (১০ দশমিক ৮০ সেন্টিমিটার) নিচে।


কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫১ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ১২ দশমিক ১১ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৯ দশমিক ৬৯ সেন্টিমিটার এবং শেরপুর পয়েন্টে ৮ দশমিক ৫০ সেন্টিমিটার। এসব পয়েন্টের প্রতিটিতেই পানির উচ্চতা এখনও বিপৎসীমার নিচে রয়েছে। তবে নদীতে পানি বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে বলে পাউবোর পর্যবেক্ষণে উঠে এসেছে।


অন্যদিকে সারী-গোয়াইন অববাহিকার জাফলং পয়েন্টে গোয়াইন নদীর পানির উচ্চতা দাঁড়িয়েছে ১০ দশমিক ২৮ সেন্টিমিটার, যেখানে বিপৎসীমা ১০ দশমিক ৮২ সেন্টিমিটার। একই অববাহিকার সারীঘাট পয়েন্টে পানির উচ্চতা ১০ দশমিক ৬৪ সেন্টিমিটার এবং গোয়াইনঘাট পয়েন্টে ৯ দশমিক ৮২ সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে, যা যথাক্রমে নির্ধারিত বিপৎসীমার নিচে রয়েছে।


সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ‘উজানে ভারতের মেঘালয় রাজ্যে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর প্রভাবে সিলেটের সব নদ-নদীর পানির উচ্চতা বাড়ছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’


তিনি বলেন, ‘আগামী কয়েক দিন উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ-নদীর পানির উচ্চতা আরও বৃদ্ধি পেতে পারে। তাই পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে।’


প্রতিবছরের মতো এবারও বর্ষা মৌসুমে ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল সিলেট অঞ্চলের নদ-নদীর পানির উচ্চতায় প্রভাব ফেলছে। বিশেষ করে সীমান্তঘেঁষা নদীগুলোতে পানি দ্রুত বাড়ায় নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। যদিও এখন পর্যন্ত জেলার অধিকাংশ নদী বিপৎসীমার নিচে রয়েছে, তবু উজানের বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে মত বিশেষজ্ঞদের।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, মেঘালয়, ভারী বৃষ্টি, সুরমা নদী, কুশিয়ারা নদী, গোয়াইন নদী, জাফলং, পানি উন্নয়ন বোর্ড, নদীর পানি বৃদ্ধি, পাহাড়ি ঢল, বন্যার আশঙ্কা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ