১১ জুলাই ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

বৃষ্টির গতি কমলেও থামছে না বর্ষা, সিলেটে ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ জুলাই, ২০২৬ ৮:৪১ অপরাহ্ন


সিলেটে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও স্বস্তি ফিরছে না। আগামী ২৪ ঘণ্টায় জেলার অনেক স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১০ জুলাই) সিলেট আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, সিলেট অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ছিল ৯২ শতাংশ।

বৃষ্টিপাতের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৬টা থেকে শুক্রবার (১০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৮ দশমিক ০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় (৮ জুলাই সকাল ৬টা থেকে ৯ জুলাই সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ১১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এছাড়া ৯ জুলাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ১১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়। সেই তুলনায় শুক্রবার বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, আবহাওয়া, বৃষ্টিপাত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ