১১ জুলাই ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

নবীগঞ্জে টমটমের ব্যাটারি চুরির চেষ্টা: বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ১০ জুলাই, ২০২৬ ৬:৩০ অপরাহ্ন


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় টমটম (মিশুক) গাড়ির ব্যাটারি চুরির চেষ্টা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শোয়েব মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়কের বরাকনগর এলাকার একটি অটো রাইস মিলে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত শোয়েব মিয়া উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের আব্দুল বাছিতের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাইস মিলে চার্জে রাখা একটি মিশুকের ব্যাটারি খুলে নেওয়ার চেষ্টা করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার সকালে রাইস মিলের ড্রাইভার রাখাল চন্দ্র দাস মিশুকটি বের করতে গিয়ে মিলের ভেতরে শোয়েব মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রাখাল চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে তিনি চার্জে থাকা মিশুকটি মিলের ভেতরে রেখে তালা দিয়ে পাশের ভাড়া বাসায় চলে যান। সকালে এসে মিলের ভেতরে ওই ব্যক্তির মরদেহ দেখতে পান।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, শোয়েব মিয়ার বিরুদ্ধে এর আগেও টমটমের ব্যাটারি ও বিভিন্ন বাসাবাড়িতে চুরির অভিযোগ ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, মৃত্যু, যুবক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ