রথযাত্রাকে ঘিরে প্রস্তুত সিলেট, ৯ দিন চলবে মহোৎসব
ধর্ম
প্রকাশঃ ১০ জুলাই, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ন
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), যুগলটিলা, সিলেটের উদ্যোগে আগামী ১৬ থেকে ২৪ জুলাই অনুষ্ঠিত হবে শ্রীশ্রী জগন্নাথদেবের নয় দিনব্যাপী রথযাত্রা মহোৎসব। বর্ণাঢ্য এই ধর্মীয় উৎসবকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। ভক্তদের পদচারণা, হরিনাম সংকীর্তন, সুসজ্জিত রথ, মহাপ্রসাদ বিতরণ এবং নানা ধর্মীয়-সাংস্কৃতিক আয়োজনে উৎসবমুখর হয়ে উঠবে সিলেট।
আয়োজকরা জানান, এবারও দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। তাদের জন্য নিরাপত্তা, চিকিৎসাসেবা, স্বেচ্ছাসেবক কার্যক্রম এবং প্রতিদিন মহাপ্রসাদ বিতরণসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৫ জুলাই সকাল ১০টায় গুন্ডিচা মন্দির মার্জনের মাধ্যমে রথযাত্রার প্রস্তুতিমূলক কর্মসূচি শুরু হবে। পরদিন ১৬ জুলাই দুপুরে মহাভোগরাগ ও ভোগারতি দর্শনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। এরপর আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণের পর বিকেল ৩টায় যুগলটিলা মন্দির থেকে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রার সুসজ্জিত রথ নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর। প্রধান বক্তা থাকবেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
১৭ জুলাই বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির আহমদের। এছাড়া ভজন-কীর্তন, ইসকন ইয়ুথ ফোরামের সেমিনার, জগন্নাথদেবের মহিমা কীর্তন, সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত প্রতিদিন মহাভোগরাগ, ভোগারতি, হরিনাম সংকীর্তন, গৌর আরতি, ভজন-কীর্তন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মধ্যে হেরা পঞ্চমী, বৈদিক নাটক, বিতর্ক প্রতিযোগিতা, নামহট্টের বিশেষ অনুষ্ঠান এবং ম্যাগাজিন অনুষ্ঠানও রয়েছে।
২৪ জুলাই বিকেল ৩টায় উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে নয় দিনের এই মহোৎসব। ওইদিন যুগলটিলা মন্দির থেকে রথ নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মন্দিরে ফিরে আসবে। পরে আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে এবারের আয়োজনের।
ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন, যুগলটিলা, সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বলেন, রথযাত্রা শুধু ধর্মীয় আচার নয়, এটি ভক্তি, সম্প্রীতি, সেবা ও মানবিক মূল্যবোধের উৎসব।
এসময় তিনি রথযাত্রার সব কর্মসূচিতে অংশ নিতে ভক্ত ও দর্শনার্থীদের আমন্ত্রণ জানান।
রথযাত্রা, সিলেট, ইসকন, উৎসব