০৯ জুলাই ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / দুর্যোগ

নদীর পানি বাড়ছে, সুনামগঞ্জে বন্যার শঙ্কা

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ৮ জুলাই, ২০২৬ ১০:২২ অপরাহ্ন


ভারী বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জেলার প্রধান নদ-নদীতে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। বিশেষ করে সুরমা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও, যাদুকাটা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।


গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে, ছাতক উপজেলা ও শক্তিয়ারখলা পয়েন্টে পানির স্তর বেড়েছে। তবে সব পয়েন্টে পানি এখনও বিপৎসীমার নিচে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 


সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৯টা থেকে আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত) সুরমা নদীর পানি ৩০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


জেলার ছাতক উপজেলা পয়েন্টে সুরমা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। একইভাবে পানি বৃদ্ধি পেয়েছে জেলার সীমান্তবর্তী শক্তিয়ারখলা পয়েন্টেও। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে পানির স্তর ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। 


মঙ্গলবার (৭ জুলাই) থেকে সুনামগঞ্জে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে শ্রমিক, রিকশা চালক, জেলেসহ নিম্ন আয়ের মানুষ ভোগান্তিতে পড়েছে। নদ-নদীর পানি দ্রুত বাড়তে থাকায় বন্যার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা। তবে আতঙ্কিত না হয়ে গত কয়েক বছরের আকস্মিক বন্যার অভিজ্ঞতা থেকে আগাম প্রস্তুতি রাখার জন্য জরুরী বলে মনে করেন হাওর বিশেষজ্ঞরা। 

 

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক বলেন, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পানি আরও বাড়তে পারে। এ ধারা অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। 

 

তিনি আরো বলেন, তারা সার্বক্ষণিক নদ-নদীর পানির স্তর পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

পানি বাড়ছে, সুনামগঞ্জ, বন্যার শঙ্কা, দুর্যোগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ