১৬ জুলাই ২০২৬

দৈনন্দিন / গ্রামবাংলা

হবিগঞ্জে সড়কের পাশ থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার

প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ

প্রকাশঃ ৬ জুলাই, ২০২৬ ৩:০৭ অপরাহ্ন


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।


আজ সোমবার ভোরে শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় স্থানীয় লোকজন সড়কের পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের ভাষ্য, উদ্ধার করার সময় নবজাতকের শরীরে স্যালাইনের ক্যানুলা লাগানো ছিল।


খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে যান। পরে বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সহযোগিতায় নবজাতকটিকে উদ্ধার করে মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।


আব্দুর রশিদ বলেন, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। নবজাতকের জীবন রক্ষাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি শারীরিকভাবে সুস্থ রয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।


ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা নবজাতকটিকে সেখানে রেখে গেছে, তা জানতে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, মাধবপুর, উত্তর শাহপুর, নবজাতক উদ্ধার , পরিত্যক্ত নবজাতক, কন্যাশিশু, উদ্ধার, হবিগঞ্জ সংবাদ , শায়েস্তাগঞ্জ-জগদীশপুর সড়ক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ