সিলেটে বজ্রবৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার আভাস
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৪ জুলাই, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ন
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবেই এ বৃষ্টিপাতের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, ভারী ও অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের নিচু এলাকা, পাহাড়ি অঞ্চল এবং নদীতীরবর্তী এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি পাহাড়ধস এবং আকস্মিকভাবে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার ঝুঁকিও রয়েছে।
এসব পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সিলেট, অতিভারী বৃষ্টি, লঘুচাপ, আবহাওয়া অধিদপ্তর, পাহাড়ধস