০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

জগন্নাথপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ: নিহত ১, আহত ২০

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১ জুন, ২০২৫ ৫:০২ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালনীচর গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে খালেদ মিয়া (৪৭) নামে একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ মে) বিকেলে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালনীচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালনীচর গ্রামের মোবারক হোসেন মেন্দি ও একই গ্রামের রুয়েল মিয়ার মধ্যে জমি সংক্রান্ত পুরনো বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আহতদের মধ্যে মোবারক হোসেন মেন্দির পক্ষের আলী হোসেন (২৫), ইমরান (২৫), আজাদ মিয়া (৩৫) এবং রুয়েল মিয়ার পক্ষের খালেদ মিয়া (৪৭), সিজিল মিয়া (৩০), রহিম মিয়া (৩৬), লুৎফর মিয়া (৪০) কে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদ মিয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।”

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ