০৩ জুলাই ২০২৬

অনিয়ম-দুর্নীতি

রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১ জুলাই, ২০২৬ ৬:৪১ অপরাহ্ন


মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদিঘী হাওরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকদের দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে প্রভাবশালীদের পছন্দের ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করা হয়েছে।


এ অভিযোগে গতকাল মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।


অভিযোগে বলা হয়, কাউয়াদিঘী হাওরের কৃষকেরা একমাত্র বোরো ধান চাষের ওপর নির্ভরশীল। চলতি মৌসুমে অতিবৃষ্টির কারণে হাওরে পানি বেড়ে যাওয়ায় অনেক কৃষকের ধান পানিতে তলিয়ে যায়। অনেকেই ধান কাটতে না পারায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন।


ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে সরকারের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্থানীয় জনপ্রতিনিধি ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় তালিকা প্রস্তুত করা হয়। তবে অভিযোগ রয়েছে, তালিকা তৈরির সময় প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে এমন ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা বোরো ধানের আবাদই করেননি বা যাদের ফসল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি।


ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, তালিকাটি পুনরায় যাচাই-বাছাই করে অনিয়মের মাধ্যমে অন্তর্ভুক্ত ব্যক্তিদের বাদ দিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম সংযোজন করতে হবে। পাশাপাশি সরকারি অনুদান যেন প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হয়, সে দাবিও জানান তারা।


কাউয়াদিঘী হাওরে কৃষক শাহিন মিয়া, ফখরুল মিয়া, মিতুল মিয়া, সুহেল মিয়া জানান, বন্যায় যাদের ক্ষতি হয়নি তাদের নাম সরকারি অনুদানের তালিকায় আছে। স্মারকলিপি দিয়েছি প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সহায়তা করার জন্য।


শেয়ার করুনঃ

অনিয়ম-দুর্নীতি থেকে আরো পড়ুন

ক্ষতিগ্রস্ত কৃষক, ত্রাণ, তালিকা, বোরো ধান, হাওর, কৃষি অধিদপ্তর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ