০৩ জুলাই ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

এইচএসসি-২০২৬

মৌলভীবাজারে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ৩০২ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ জুলাই, ২০২৬ ৮:২৮ অপরাহ্ন


উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (০২ জুলাই) সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলাতেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় জেলায় ৩০২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।


জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় মোট ১১ হাজার ৩২৮জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ০৭৪ জন অংশ নেন। একইভাবে আলিম পরীক্ষায় ১ হাজার ১৭৭ জনের মধ্যে ১ হাজার ১৩৫ জন ও এইচএসসি (ভোকেশনাল/বিএমটি) পরীক্ষায় মোট ২৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৫ জন শিক্ষার্থী অংশ নেন। 


জেলা প্রশাসন জানিয়েছে, প্রথম দিনের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক ছিল। এদিকে পরীক্ষার প্রথম দিনে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ডেপুটি কমিশনার (ডিসি) তৌহিদুজ্জামান পাভেল। তিনি মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ এবং মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। 


এ সময় তার সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সংশ্লিষ্ট কেন্দ্র সচিব, হল সুপার, ট্যাগ অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অনিয়মের তথ্য পাওয়া যায়নি।


তিনি আরও বলেন, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং কেন্দ্রগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় রাখা হয়েছে। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


এছাড়া পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশুদ্ধ পানির ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা এবং মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।


ডিসি আশা প্রকাশ করেন, প্রথম দিনের মতো বাকি পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে। তিনি পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা বজায় রেখে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

এইচএসসি পরীক্ষা, আলিম পরীক্ষা, শিক্ষার্থী, জেলা প্রশাসন, ডিসি তৌহিদুজ্জামান পাভেল, পরীক্ষা কেন্দ্র

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ