৩৫.১ ডিগ্রি ছুঁয়েছে সিলেটের তাপমাত্রা, পরিবর্তনের সম্ভাবনা নেই
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২ জুলাই, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ন
সিলেটে আজ বৃহস্পতিবার সর্বোচ্চ ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দিনের ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, সিলেট অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় কমে দাঁড়ায় ৫৭ শতাংশে।
গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ ১ জুলাই সকাল ৬টা থেকে ২ জুলাই সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
এদিকে, আগামীকাল (৩ জুলাই) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে।
সিলেট, আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া অফিস