জকিগঞ্জে যৌথ অভিযানে ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৮ জুন, ২০২৬ ১২:৫৩ পূর্বাহ্ন
সিলেটের জকিগঞ্জ উপজেলার সোনাসার এলাকায় যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর ও ১১টি বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শনিবার (২৭ জুন) রাত প্রায় ১০টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীন বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকায় এ অভিযান চালানো হয়।
পরে রাত ১২টা ৪৭ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানান বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে সোনাসার ব্রিকস ফিল্ড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল বলে ধারণা বিজিবির।
বিজ্ঞপ্তিতে সীমান্তে নিরাপত্তা জোরদার, মাদক ও অস্ত্রের অনুপ্রবেশ এবং অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত অভিযান ও সতর্ক অবস্থানের অংশ হিসেবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়েছে।
ওয়ান শুটার গান, ডেটোনেটর, বিস্ফোরক, সীমান্ত, চোরাচালান, যৌথ অভিযান