শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনায় প্রাণ গেল যুবকের, অভিযুক্ত গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৬ জুন, ২০২৬ ৯:১৭ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের দোকানে পানি খাওয়াকে কেন্দ্র করে সংঘটিত তুচ্ছ বিরোধের জেরে সোহেল মিয়া (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইসমাইল মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোহেল মিয়ার মৃত্যু হয়। নিহত সোহেল মিয়া উপজেলার আলিশারকুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। তিনি শ্রীমঙ্গল পৌর শহরের সিন্দুরখান সড়কে ভাড়া বাসায় বসবাস করতেন। গ্রেপ্তারকৃত ইসমাইল মিয়া সিন্দুরখান সড়ক এলাকার ফজর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সিন্দুরখান সড়কের সিএনজি স্ট্যান্ডসংলগ্ন একটি চায়ের দোকানে চা পান করতে যান সোহেল মিয়া। এ সময় পানি খাওয়ার গ্লাস দেওয়া নিয়ে ইসমাইল মিয়ার সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইসমাইল মিয়া দোকানে থাকা একটি কাচের গ্লাস দিয়ে সোহেলের মাথায় আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে গেলেও দুপুরের পর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে পুনরায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অর্নিবান দেব জানান, সোহেল মিয়ার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং সেখানে পাঁচটি সেলাই দেওয়া হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুনরায় হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার পরপরই শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান চালিয়ে পৌর শহর থেকে অভিযুক্ত ইসমাইল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, সোহেল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শ্রীমঙ্গল হত্যা, সোহেল মিয়া, ইসমাইল মিয়া, মৌলভীবাজার সংবাদ, গ্লাসের আঘাতে মৃত্যু