২৭ জুন ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

বিশ্বকাপ ফুটবলের আনন্দ থেকে বঞ্চিত শাবিপ্রবির শিক্ষার্থীরা

নাজমুস সাকিব

প্রকাশঃ ২৬ জুন, ২০২৬ ৮:২৪ অপরাহ্ন


বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন উৎসবের জোয়ার বইছে, তখন ব্যতিক্রমী চিত্র দেখা যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)। বড় পর্দায় একসঙ্গে খেলা দেখার কোনো কেন্দ্রীয় উদ্যোগ না নেওয়ায় ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। 

এছাড়া শিক্ষার্থীদের একাংশের অভিযোগ, হলে যাঁরা থাকেন তাঁরা প্রজেক্টরে কিছুটা হলেও খেলা দেখার সুযোগ পাচ্ছেন। কিন্তু আবাসিক হলের বাইরে থাকা শিক্ষার্থীদের একটা অংশ সুযোগ পেলেও বড় একটি অংশ বঞ্চিত হচ্ছেন। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে শিক্ষার্থীরা একসঙ্গে হাজারো মানুষের সঙ্গে বিশ্বকাপের উত্তেজনা উপভোগ করছেন, সেখানে শাবিপ্রবির শিক্ষার্থীরা এই সুযোগ থেকে বঞ্চিত।

শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, গত ১২ জুন একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে মুক্তমঞ্চে বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর দাবি জানায়। উপাচার্যের নির্দেশে পরে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং প্রক্টর বরাবর আনুষ্ঠানিক আবেদনপত্রও জমা দেওয়া হয়। তবে প্রতিবারই শিক্ষার্থীদের ফিরে আসতে হয়েছে শূন্য হাতে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসিক হলগুলোতে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখার ব্যবস্থা করলেও মুক্তমঞ্চ বা কেন্দ্রীয় মিলনায়তনে এলইডি স্ক্রিন স্থাপনের অনুমতি দেওয়া হয়নি। নিরাপত্তা ও আবহাওয়াজনিত কারণকে সামনে রেখেছে কর্তৃপক্ষ।

ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং আবহাওয়াজনিত বিষয় বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে খেলা দেখানোর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।

প্রশাসনের এই অবস্থানে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ফুটবল দলের অধিনায়ক ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. শাকিল হাসান বলেন, খেলা দেখার বিষয়টি নিয়ে আমরা বারবার প্রশাসনের কাছে গিয়েছি, কিন্তু প্রতিবারই ফিরিয়ে দেওয়া হয়েছে। যদি নিজেদের ক্যাম্পাসেই আমরা নিরাপদ না হই, তবে সেই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার? আমরা শুধু নিজেদের ক্যাম্পাসে একসঙ্গে বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করার সুযোগ চাই।

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ওজায়ের হাসান খুশবু আক্ষেপ করে বলেন, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পেছনে একটি বড় আকর্ষণ ছিল সবাই মিলে খোলা মাঠে বড় পর্দায় খেলা দেখার অভিজ্ঞতা। এটি জীবনে হয়তো একবারই পাওয়া যায়। অথচ খুব সাধারণ কিছু কারণ দেখিয়ে আমাদের সেই অভিজ্ঞতা থেকে বঞ্চিত করা হয়েছে।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট, শাবিপ্রবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিশ্বকাপ, ফুটবল, শিক্ষার্থী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ