২৬ জুন ২০২৬

কৃষি / চাষাবাদ

শাল্লায় কৃষকদের মধ্যে বিনামূল্যে সার-বীজ বিতরণ

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ 

প্রকাশঃ ২৫ জুন, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ন


‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, বীজ ও বনজ চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রোপা আমন আবাদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা গণমিলনায়তনের সামনে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ) বিভুতোষ চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন শাল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আওয়াল।

অনুষ্ঠানে বক্তারা জানান, দেশের কৃষি খাতকে আরও গতিশীল করা এবং কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। তারা কৃষকদের প্রাপ্ত সার ও বীজ যথাযথভাবে ব্যবহার করার আহ্বান জানান।

জানা গেছে, উপজেলার ৬০০ জন রোপা আমন চাষির মধ্যে পাঁচ কেজি করে ধানের বীজ এবং দুই ধরনের মোট ২০ কেজি সার বিতরণ করা হবে। পাশাপাশি ৫০ জন কৃষকের মধ্যে বনজ প্রণোদনার আওতায় বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

কৃষি থেকে আরো পড়ুন

শাল্লা, কৃষি প্রণোদনা, রোপা আমন, সার ও বীজ বিতরণ, সুনামগঞ্জ কৃষি, বনজ চারা বিতরণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ