কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শান্তিগঞ্জে যুবদলের প্রতিবাদ সমাবেশ
সিলেটজুড়ে
প্রকাশঃ ২৩ জুন, ২০২৬ ৮:০৭ অপরাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।
মঙ্গলবার বিকেলে শান্তিগঞ্জ বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে যুবদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক ও সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের অংশ প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
উপজেলা যুবদলের নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। তাদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক অবস্থান জানাতেই এ কর্মসূচি পালন করা হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সুহেল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনজিত সূত্রধর ও যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টুসহ স্থানীয় নেতারা।
এছাড়া জেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা বলেন, রাজনৈতিক অঙ্গনে কোনো ধরনের অস্থিতিশীলতা বা ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সংগঠনের পক্ষ থেকে গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করা হয়।
সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল এবং ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সুনামগঞ্জ, শান্তিগঞ্জ কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ, প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিবাদ সমাবেশ, মিছিল, যুবদল।