২১ জুন ২০২৬

দৈনন্দিন / গ্রামবাংলা

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে জগন্নাথপুরের স্কুলগামী শিক্ষার্থীরা

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২১ জুন, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন


অল্প বৃষ্টি হলেই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন সড়কে পানি জমে যায়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে পাশের জগন্নাথপুর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের। জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ে যাতায়াত ও পাঠদানে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের।


আজ রোববার সকালে সরেজমিনে উপজেলা পরিষদ এলাকার সড়কে গিয়ে দেখা যায়, আগের দিনের বৃষ্টির পানি সড়কের বিভিন্ন অংশে জমে আছে। বিদ্যালয়ের সামনে হাঁটুপানি না হলেও এমন পরিমাণ পানি জমেছে, যা শিক্ষার্থীদের চলাচলে বাধা সৃষ্টি করছে। অনেক শিক্ষার্থীকে জুতা হাতে নিয়ে কিংবা পানি এড়িয়ে চলার চেষ্টা করতে দেখা যায়।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত রায় বলেন, ‘অল্প বৃষ্টি হলেই বিদ্যালয়ের সামনের সড়কে পানি জমে যায়। এটি উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে সমস্যাটির স্থায়ী সমাধান হচ্ছে না। যথাযথ ড্রেনেজব্যবস্থা ও পাইপলাইন নির্মাণ করা হলে পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে।’


স্থানীয় বাসিন্দা সুবেশ দেবনাথ বলেন, ‘এই সড়ক দিয়ে প্রতিদিন উপজেলা পরিষদে আসা মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকেরা চলাচল করেন। কিন্তু সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকায় সবাইকে দুর্ভোগ পোহাতে হয়। বিষয়টি দ্রুত সমাধান করা প্রয়োজন।’


অভিভাবকেরা জানান, বর্ষা মৌসুমে শিশুদের বিদ্যালয়ে পাঠানো নিয়ে উদ্বেগে থাকতে হয়। অনেক সময় শিক্ষার্থীদের পোশাক ভিজে যায়, বই-খাতাও নষ্ট হয়। পাশাপাশি পানিতে পা পিছলে দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে।


বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, বৃষ্টির পর বিদ্যালয়ে আসতে গেলে প্রায়ই জমে থাকা পানি পেরিয়ে আসতে হয়। এতে অনেক অসুবিধার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও থাকে। তারা দ্রুত ড্রেন নির্মাণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানায়।


এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। আমি নিজেও বিষয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেব।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, সুনামগঞ্জ, জলাবদ্ধতা, উপজেলা পরিষদ সড়ক, জগন্নাথপুর বালিকা উচ্চবিদ্যালয়, শিক্ষার্থীদের দুর্ভোগ, ড্রেনেজ সংকট, বৃষ্টির পানি, সুনামগঞ্জ সংবাদ, স্কুল শিক্ষার্থী, পানি নিষ্কাশন ব্যবস্থা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ