২১ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাবি প্রেসক্লাবের নিন্দা

প্রকাশঃ ২১ জুন, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ন


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (শাবি প্রেসক্লাব)।


রোববার (২১ জুন) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির সভাপতি নোমান ফয়সাল ও সাধারণ সম্পাদক নূর আলম।


বিবৃতিতে তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।


বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১৮ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কয়েকজন শিক্ষার্থীর র‌্যাগিংয়ের অভিযোগ নিয়ে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করা হয়। এতে কয়েকজন সাংবাদিক আহত হন বলে জানা গেছে।


শাবি প্রেসক্লাবের নেতারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় হামলা ও হয়রানির ঘটনা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। শিক্ষাঙ্গনে অনিয়ম, দুর্নীতি কিংবা শিক্ষার্থীদের অধিকারসংক্রান্ত বিষয় তুলে ধরতে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।


বিবৃতিতে আরও বলা হয়, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা, হুমকি কিংবা ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা শুধু গণমাধ্যমের স্বাধীনতাকেই বাধাগ্রস্ত করে না, বরং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু ও জবাবদিহিমূলক পরিবেশ বিনষ্ট করে।


শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়, কর্মরত সাংবাদিকদের ওপর হামলা, বিচারের দাবি, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, শাবি প্রেসক্লাব

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ