২১ জুন ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

সরকারের আমন্ত্রণে রোববার চীন সফরে যাচ্ছেন শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি-সম্পাদক

প্রতিনিধি, শাবিপ্রবি 

প্রকাশঃ ২০ জুন, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ন


চীন সরকারের আমন্ত্রণে ১০ দিনের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল রোববার চীনের উদ্দেশে রওনা হচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকার।

 

বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং দুই দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে এই সফরের আয়োজন করেছে চীনের সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (এসআইআইএস) ও সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস)। তারা বাংলাদেশি যুব প্রতিনিধি দলের সদস্য হিসেবে সফরে অংশ নিচ্ছেন।

 

জানা গেছে, রোববার (২১ জুন) বেলা দুইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের উদ্দেশ্য দেশ ত্যাগ করার কথা রয়েছে তাদের। 

 

প্রতিনিধি দলটি আগামী ২১ জুন থেকে ১ জুলাই ২০২৬ পর্যন্ত ১০ দিনের একটি শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশ নেবে। সফরকালে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ থাকবে। সফরসূচি অনুযায়ী, প্রতিনিধি দলটির চীনের প্রধান তিনটি শহর কুনমিং (কিওমিং), বেইজিং এবং সাংহাই পরিদর্শন করার কথা রয়েছে।

 

এ বিষয়ে সভাপতি রাহাত জামান সিলেট ভয়েসকে বলেন, আগামীকাল আমরা চীন সরকারের আমন্ত্রণে চীনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা অর্জন করা এবং আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা। আমরা বিশ্বাস করি, এই সফরের মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পারবো, যা ভবিষ্যতে আমাদের দেশ ও শিক্ষাঙ্গনের উন্নয়নে কাজে লাগবে। 


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, ছাত্রদল, সিলেট, চীন সফর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ