বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজের অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রাজনীতি
প্রকাশঃ ২০ জুন, ২০২৬ ১০:১৮ অপরাহ্ন
জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে বহিষ্কৃত সিলেটের জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের ওপর আরোপিত সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে সিলেট জেলা বিএনপি।
শনিবার (২০ জুন) জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সাংগঠনিক সিদ্ধান্তের অংশ হিসেবে শফিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদানপূর্বক সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তিনি লিখিতভাবে তার বক্তব্য উপস্থাপন করেন। তার জবাব সন্তোষজনক বিবেচিত হওয়ায় বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পত্রে আরও উল্লেখ করা হয়, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপির অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি সিলেট-৫ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে শফিকুর রহমানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। ওই সময় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
একই ঘটনায় জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিমসহ জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার আরও আট নেতাকেও বহিষ্কার করা হয়েছিল।
তবে প্রায় চার মাস পর তার লিখিত ব্যাখ্যা সন্তোষজনক বিবেচিত হওয়ায় জেলা বিএনপি বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দিয়েছে দলটি।
বিদ্রোহী প্রার্থী, বিএনপি নেতা, বহিষ্কারাদেশ প্রত্যাহার, জকিগঞ্জ উপজেলা, সিলেট জেলা, শফিকুর রহমান