সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের ২১ সদস্যের কমিটি ঘোষণা
শিল্প-সাহিত্য-সংস্কৃতি
প্রকাশঃ ১১ জুন, ২০২৬ ৪:২৭ অপরাহ্ন
সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ–চাঁদনীঘাট এলাকাকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ হিসেবে নামকরণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এলাকাটির নিরাপত্তা নিশ্চিত ও সৌন্দর্যবর্ধনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে ‘হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ’।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১টায় নগরভবনে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর হাতে এ সংক্রান্ত একটি স্মারকলিপি তুলে দেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, সুরমা নদীর ওপর নির্মিত শতবর্ষী কিনব্রিজ, হযরত শাহজালাল (রহ.)-এর স্মৃতিবিজড়িত চাঁদনীঘাট, পৃথিমপাশার জমিদার আলী আমজদের ঐতিহাসিক ঘড়ি এবং সংস্কৃতিচর্চার কেন্দ্র সারদা হল এসব স্থাপনা সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন দেশি–বিদেশি পর্যটক এসব স্থান পরিদর্শনে আসেন।
তবে দীর্ঘদিন ধরে এলাকাটিতে ছিনতাই, চাঁদাবাজি, মাদকসেবন, ভাসমান অনৈতিক কর্মকাণ্ড এবং মলম পার্টির তৎপরতা বেড়ে যাওয়ায় তা সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে অভিযোগ করা হয় স্মারকলিপিতে। পাশাপাশি সার্কিট হাউস সংলগ্ন সড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের অবৈধ স্ট্যান্ড এবং বেপরোয়া যান চলাচলের কারণে জনভোগান্তি বাড়ছে বলেও উল্লেখ করা হয়। সম্প্রতি ওই এলাকায় র্যাব সদস্য ইমন আচার্য হত্যাকাণ্ডের ঘটনাও নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়েছে বলে দাবি করা হয়।
স্মারকলিপিতে এলাকাটিকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ ঘোষণার পাশাপাশি চারটি প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ঐতিহ্য চত্বর এলাকা থেকে ট্রাক, পিকআপ ও ভারী যানবাহন স্থায়ীভাবে সরিয়ে নেওয়া; সারদা হল প্রাঙ্গণ থেকে সিটি কর্পোরেশনের পার্কিং যানবাহন অপসারণ; আইনশৃঙ্খলা রক্ষায় স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন; এবং সরকারি উদ্যোগে সমন্বিত সৌন্দর্যবর্ধন ও আধুনিক উন্নয়ন প্রকল্প গ্রহণ।
স্মারকলিপি গ্রহণ করে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কিনব্রিজ, আলী আমজদের ঘড়ি, চাঁদনীঘাট ও সারদা হল সিলেটের গৌরবের প্রতীক। এসব স্থাপনা সংরক্ষণ ও এলাকার নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। নাগরিক সমাজের প্রস্তাবগুলো যৌক্তিক এবং সিসিক এগুলো গুরুত্বসহকারে বিবেচনা করবে।
তিনি আরও জানান, ঐতিহ্যবাহী এই এলাকাকে পর্যটকবান্ধব ও নিরাপদ করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
সিলেট, কিনব্রিজ–চাঁদনীঘাট, সিসিক, হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ