১৩ বছর পর বিরাহিমপুর ডাকঘরে ফিরল ডাকসেবা
সিলেটজুড়ে
প্রকাশঃ ১০ জুন, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ন
দীর্ঘ এক যুগের বেশি সময় পর আবার চালু হলো সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকার বিরাহিমপুর ডাকঘর। সংস্কারকাজ শেষে মঙ্গলবার দুপুরে ডাকঘরটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এর মাধ্যমে এলাকায় ডাক ও আর্থিক সেবাগ্রহণ আরও সহজ হবে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফিতা কেটে বিরাহিমপুর টাউন সাব-পোস্ট অফিসের কার্যক্রম উদ্বোধন করেন সিলেট বিভাগীয় ডাকঘরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) সুজিত চক্রবর্তী। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ডাক বিভাগের কর্মকর্তা এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল ও পোস্টমাস্টার মো. আব্দুল কাদের। অনুষ্ঠান পরিচালনা করেন পোস্ট অফিস পরিদর্শক (শহর) রুনু চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে সুজিত চক্রবর্তী বলেন, বিরাহিমপুরে ডাকঘর প্রতিষ্ঠার পেছনে রয়েছে এলাকার একটি ঐতিহাসিক অবদান। মরহুম খাঁন বাহাদুর ডা. আছদ্দর আলী তার জীবদ্দশায় ডাক বিভাগের জন্য জমি দান করেছিলেন। সেই জমিতেই ডাকঘরের কার্যক্রম শুরু হয়েছিল এবং বহু বছর এলাকার মানুষ সেবা পেয়েছেন।
ডাক বিভাগ সূত্রে জানা যায়, ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ২০১৩ সালে এর কার্যক্রম পার্শ্ববর্তী সিলাম সাব-পোস্ট অফিসে স্থানান্তর করা হয়। পরে ডাক বিভাগের উদ্যোগে ভবন সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে পুনরায় ডাকঘরটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছর এটিকে টাউন সাব-পোস্ট অফিস হিসেবে উন্নীত করা হয়।
সভায় সুজিত চক্রবর্তী বলেন, আধুনিক ডাকসেবার পরিধি এখন শুধু চিঠিপত্র আদান-প্রদানে সীমাবদ্ধ নয়। সঞ্চয়, আর্থিক লেনদেন ও বিভিন্ন ডিজিটাল সেবাও ডাক বিভাগের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। বিরাহিমপুর ডাকঘর চালুর ফলে স্থানীয় বাসিন্দারা এসব সুবিধা আরও সহজে পাবেন।
তিনি জমিদাতা পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের সহযোগিতা ও ঐতিহাসিক অবদানের কারণেই এই প্রতিষ্ঠান নতুনভাবে যাত্রা শুরু করতে পেরেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাঁন বাহাদুর ডা. আছদ্দর আলী ওয়াকফ এস্টেটের মুতাওয়াল্লি বাবর আলী খাঁন, সমাজসেবক আসাদ উদ্দিন, সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার লিপ্টন রঞ্জন রায় এবং মুজিবুর রহমান খান পাঠান।
এর আগে পবিত্র কোরআন তিলাওয়াত করেন স্থানীয় মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসেন। গীতা পাঠ করেন ডাক বিভাগের কর্মকর্তা চুমকি রানী তালুকদার।
অনুষ্ঠানে সিলেট প্রধান ডাকঘরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিরাহিমপুর ডাকঘরের কর্মচারী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিরাহিমপুর ডাকঘর, সিলেট ডাকঘর, দক্ষিণ সুরমা, টাউন সাব-পোস্ট অফিস, ডাক বিভাগ