প্রিপেইড মিটার রিচার্জে দীর্ঘ টোকেন বিড়ম্বনা, সিলেটে জামায়াতের উদ্বেগ
রাজনীতি
প্রকাশঃ ৮ জুন, ২০২৬ ৯:৫০ অপরাহ্ন
বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে দীর্ঘ টোকেন ব্যবস্থার কারণে গ্রাহকদের ভোগান্তি বেড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে সিলেট মহানগর জামায়াত। একই সঙ্গে এ সমস্যার সমাধানে সরকার ও বিদ্যুৎ বিভাগের কার্যকর পদক্ষেপ দাবি করেছে দলটি।
সোমবার (৮ জুন) এক বিবৃতিতে এ উদ্বেগ জানান জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।
বিবৃতিতে তারা জানান, সম্প্রতি সরকার কর্তৃক অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল বৃদ্ধি করা হয়েছে। বিদ্যুৎ বিল বাড়ানোর ফলে গ্রাহকদেরকে ২৪০টি টোকেন নাম্বার ব্যবহার করে প্রিপেইড মিটার রিচার্জ করতে হচ্ছে। ফলে গ্রাহকরা বিড়ম্বনার সম্মুখীণ হচ্ছেন।
তারা জানান, অনেক গ্রাহক বারবার চেষ্টা করেও রিচার্জ করতে পারছেন না। বিদ্যুৎ বিভাগ থেকেও কাঙ্খিত সহযোগিতা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। একাধিক বার টোকেন নাম্বার তুলতে গিয়ে অনেক গ্রাহকের মিটার লকের মতো ঘটনা ঘটছে। ফলে আর্থিক সুবিধা দিয়ে বিদ্যুৎ অফিসে গিয়ে মিটারের লক খুলতে হচ্ছে। যা গ্রাহকদের দুর্ভোগকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বলে দাবি করেন দলটির নেতারা।
বিবৃতিতে নেতারা বলেন, ‘বর্তমানে তথ্য-প্রযুক্তির এই যুগে সেকেলে আমলের প্রযুক্তির কারণে এই বিভ্রান্তি ও বিড়ম্বনার শিকার হচ্ছে সাধারণ বিদ্যুৎ গ্রাহকগণ। এ অবস্থায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বিশেষ হেল্প লাইন চালু করা জরুরী হলেও সেই ধরনের কোন পদক্ষেপ নেয়া হয়নি।’ এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানান তারা।
প্রিপেইড মিটার, বিদ্যুৎ রিচার্জ, টোকেন সমস্যা, সিলেট জামায়াত, গ্রাহক দুর্ভোগ