ভারতীয় সহকারী হাইকমিশনার
প্রতিবন্ধীদের কল্যাণে বড় পরিসরে কাজ করা ভারত-বাংলাদেশের অভিন্ন লক্ষ্য
দৈনন্দিন
প্রকাশঃ ২৬ জুলাই, ২০২৬ ১০:১২ অপরাহ্ন
সঠিক সুযোগ ও পরিবেশ পেলে প্রতিবন্ধী শিক্ষার্থীরা দশটা সাধারণ মানুষের মতোই সমাজের সর্বস্তরে অবদান রাখতে সক্ষম হবে এবং সমাজের কল্যাণে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে বলে মন্তব্য করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। তিনি বলেছেন, ‘তাদের (প্রতিবন্ধী) সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা এবং কল্যাণে বড় পরিসরে কাজ করা ভারত ও বাংলাদেশ উভয় দেশের জন্যই একটি অভিন্ন লক্ষ্য।’
রোববার (২৬ জুলাই) সকালে সিলেট নগরের জিন্দাবাজারে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) আয়োজিত ‘মৌসুমী ফল উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনিরুদ্ধ দাস বলেন, ‘প্রতিবন্ধী শিক্ষার্থীরা কেবল লেখাপড়া করেই এগিয়ে যাচ্ছে না, বরং তাদের অনেকের মধ্যেই লুকিয়ে আছে সত্যিকার মেধা ও সুপ্ত প্রতিভা। সঠিক সুযোগ ও পরিবেশ পেলে তারা আর দশটা সাধারণ মানুষের মতোই সমাজের সর্বস্তরে অবদান রাখতে সক্ষম হবে এবং সমাজের কল্যাণে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে যাবে। তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা এবং কল্যাণে বড় পরিসরে কাজ করা ভারত ও বাংলাদেশ উভয় দেশের জন্যই একটি অভিন্ন লক্ষ্য।’
ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, ‘প্রতিবন্ধী মানুষের কল্যাণে ও তাদের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ পাওয়াটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও সৌভাগ্যের। আমরা বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনসহ বিভিন্ন অংশীজনের সাথে যৌথভাবে বেশ কিছু উন্নয়নমূলক প্রজেক্ট বাস্তবায়ন করছি। গ্রিন ডিসএবল্ড ফাউন্ডেশনের মতো মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। আগামীতেও আমাদের সাধ্যানুযায়ী এই ফাউন্ডেশন ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’
সিলেটের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘সিলেটের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতির অনেক বিষয়ই রয়েছে যা নিয়ে গর্ব করা যায়। গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন’ ও সিলেটের তেমনি একটি অনন্য রত্ন। তারা যেভাবে প্রতিকূলতার মাঝেও প্রতিবন্ধী মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। সমাজের প্রতিটি সচেতন মানুষের উচিত এই মানবিক উদ্যোগের পাশে এসে দাঁড়ানো। অনুষ্ঠানে জিডিএফ'র পক্ষ থেকে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।’
জিডিএফের উপদেষ্টা সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে এবং মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন হিউম্যান কেয়ার সিলেটের চেয়ারম্যান শামা হক চৌধুরী, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, নিউ হ্যামবারা কাউন্সিলর সাব্বির আহমদ সানি, অভিনেতা বেলাল আহমদ মুরাদ এবং রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলতাউর রহমান খান শামছু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিডিএফের নির্বাহী সদস্য সৈয়দ মাহমুদুল হক জাবেদ। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি প্রমেশ দত্তসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনিরুদ্ধ দাস, গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন, সিলেট, প্রতিবন্ধী শিক্ষার্থী, ভারতীয় সহকারী হাইকমিশনার