সিলেটে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ৮ জুন, ২০২৬ ১২:৩৭ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগে দুটি ফার্মেসিকে মোট ৬৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার উপজেলার দয়ার বাজার ও টুকের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী পরিচালিত অভিযানে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়।
এ সময় দয়ার বাজারের ভূইয়া ফার্মেসি এবং টুকের বাজারের মা বাবা ফার্মেসির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটিকে মোট ৬৭ হাজার টাকা অর্থদণ্ড দেন।
তানভীর হোসাইন সজীব জানান, জরিমানার পুরো অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কোম্পানীগঞ্জ, সিলেট, ভ্রাম্যমাণ আদালত, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফার্মেসি জরিমানা