০৫ জুন ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি সিলেট জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ জুন, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ন



জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনদুর্ভোগের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার আগে দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু মাত্র তিন মাসের মাথায় ৭৫ থেকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে ইউনিটপ্রতি দেড় টাকা মূল্যবৃদ্ধি করা হয়েছে। তিনি দাবি করেন, দফায় দফায় জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে বিদ্যুতের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে মানুষের জীবনযাত্রা সংকটের মুখে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও তিনি অভিযোগ করেন।

বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল কোর্ট পয়েন্ট থেকে বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। মিছিল ও সমাবেশে মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আবদুর রব, জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট মো. আলিম উদ্দিন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু এবং জামায়াত নেতা মু. আজিজুল ইসলাম।

সমাবেশ থেকে বক্তারা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং দাবি আদায় না হলে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, জামায়াতে ইসলামী, জ্বালানি তেল, বিদ্যুৎ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ