বিশ্বকাপ ফুটবল: বিটিভিতে সম্প্রচারে ফিফার সঙ্গে সরকারের আলোচনা
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ৩ জুন, ২০২৬ ২:৫২ অপরাহ্ন
অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বাংলাদেশে ডিজিটাল মাধ্যমে দেখার সুযোগ নিশ্চিত হয়েছে। দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক আসন্ন বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জন করেছে।
এর ফলে প্রতিষ্ঠানটির ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’র মাধ্যমে দেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরটি ঘিরে বাংলাদেশি সমর্থকদের মধ্যে যে সম্প্রচার-সংক্রান্ত অনিশ্চয়তা ছিল, এই ঘোষণার মধ্য দিয়ে তার অনেকটাই দূর হলো।
আজ বুধবার বাংলালিংক তাদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বাংলালিংক গ্রাহকরা নির্দিষ্ট ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করে টফি প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে পারবেন।
বাংলালিংকের করপোরেট ও নিয়ন্ত্রক বিষয়ক প্রধান কর্মকর্তা তাইমুর রহমান বলেন, বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জনের মাধ্যমে দেশের কোটি কোটি ফুটবল অনুরাগীর জন্য আন্তর্জাতিক মানের স্ট্রিমিং সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলালিংকের নেটওয়ার্ক সক্ষমতা এবং টফির প্রযুক্তিগত অবকাঠামো দর্শকদের নিরবচ্ছিন্ন ম্যাচ উপভোগের অভিজ্ঞতা দেবে।
তবে টেলিভিশন চ্যানেলে বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ফলে আপাতত ডিজিটাল মাধ্যমেই বিশ্বকাপ দেখার নিশ্চয়তা পেলেন দেশের ফুটবলপ্রেমীরা।
উল্লেখ্য, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে। যৌথভাবে আসরটির আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এবারই প্রথম বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেবে, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এই ফরম্যাটে আরও বেশি ম্যাচ ও বাড়তি প্রতিদ্বন্দ্বিতার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব ফুটবল।
২০২৬ বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ ২০২৬, বাংলালিংক, টফি, বিশ্বকাপ লাইভ, ডিজিটাল সম্প্রচার, বাংলাদেশে বিশ্বকাপ দেখা