২৪ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / বন্যপ্রাণী সংরক্ষণ

শ্রীমঙ্গলে আহত অবস্থায় মহাবিপন্ন চিতা বিড়াল উদ্ধার

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ২৩ মে, ২০২৬ ২:৪২ অপরাহ্ন


প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শ্রীমঙ্গল—পাহাড়, টিলা, চা-বাগান ও বনাঞ্চলের মিশেলে গড়ে ওঠা এক সমৃদ্ধ জীববৈচিত্র্যের আবাস। তবে বনভূমি সংকোচন, খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সংকটে সেই বনাঞ্চলের নীরব বাসিন্দারাই এখন সবচেয়ে বেশি বিপন্ন হয়ে পড়ছে। এরই ধারাবাহিকতায় শ্রীমঙ্গলে উদ্ধার করা হয়েছে একটি মহাবিপন্ন চিতা বিড়াল (লেপার্ড ক্যাট)।



বৃহস্পতিবার রাত প্রায় পৌনে ১২টার দিকে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম–সংলগ্ন এলাকায় আহত অবস্থায় প্রাণীটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দা জাহান আহমেদ ও মোহাম্মদ মিলন। তারা জানান, সড়কের পাশে প্রাণীটি প্রায় মুমূর্ষু অবস্থায় পড়ে ছিল।



ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় এটি আহত হয়েছে।  এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন–এর পরিচালক স্বপন দেব সজলসহ কয়েকজন পরিবেশকর্মী।



বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া প্রাণীটি একটি মহাবিপন্ন চিতা বিড়াল।



বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন–এর পরিচালক স্বপন দেব সজল জানান, প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়। বর্তমানে কিছুটা সুস্থ হলেও উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় তাৎক্ষণিকভাবে পূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। তবে দ্রুত চিকিৎসা শেষে প্রাণীটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানানো হয়েছে।



স্বপন দেব সজল বলেন, বন উজাড় ও আবাসস্থল সংকোচনের কারণে বন্যপ্রাণীরা নিরাপদ আশ্রয় হারিয়ে লোকালয়ে চলে আসছে। এতে একদিকে প্রাণীগুলো ঝুঁকিতে পড়ছে, অন্যদিকে মানুষের মধ্যেও আতঙ্ক তৈরি হচ্ছে। শ্রীমঙ্গল ও আশপাশের এলাকায় প্রায়ই বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধারের ঘটনা ঘটছে। সচেতন নাগরিকদের দ্রুত তথ্য দেওয়ার কারণে অনেক প্রাণী জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে।



এদিকে পরিবেশবিদেরা মনে করেন, শুধু উদ্ধার অভিযান চালালেই হবে না; বন সংরক্ষণ, সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বাড়ানো না গেলে ভবিষ্যতে এ সংকট আরও তীব্র হতে পারে।


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আহত অবস্থায় একটি মহাবিপন্ন চিতা বিড়াল উদ্ধার করা হয়েছে। বনভূমি সংকোচন ও সড়ক দুর্ঘটনার কারণে বন্যপ্রাণী ঝুঁকিতে পড়ছে বলে জানিয়েছেন পরিবেশকর্মীরা।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল, চিতা বিড়াল উদ্ধার, বন্যপ্রাণী, লাউয়াছড়া

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ