২৪ মে ২০২৬

অপরাধ-বিচার

সিলেটে চাকুসহ ছিনতাইকারী চক্রের ৭ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৩ মে, ২০২৬ ৭:৪১ অপরাহ্ন


সিলেট নগরীতে পৃথক অভিযানে তিনটি চাকুসহ ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে নগরীর মহাজনপট্টি কাষ্টঘর এবং ওসমানী শিশুপার্ক সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

শনিবার (২৩ মে) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মহাজনপট্টি কাষ্টঘর এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে একটি চাকুসহ তিন ছিনতাইকারীকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন— সুনামগঞ্জ সদরের আলীপুরের মির্জা ছাব্বির (৪৫), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের (বর্তমানে সিলেটের পূর্ব পীরমহল্লা) হাসান (২৯) এবং সিলেটের দক্ষিণ সুরমার খানুয়ার মো. জাহেদ আহমদ (৩৫)। 

 

এর আগে, একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে আরেকটি দল ওসমানী শিশুপার্ক সংলগ্ন পাবলিক টয়লেটের পাশে অভিযান পরিচালনা করে। সেখান থেকে দুটি চাকুসহ চার ছিনতাইকারীকে আটক করা হয়। 

 

আটককৃতরা হলেন— সিলেটের সওদাগরটুলার মো. সাজা মিয়া (৩২), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের (বর্তমানে সিলেটের আখালিয়া নয়াবাজার) সফর আলী (২৫), শরীয়তপুরের নড়িয়ার রুবেল মালত (৩৫) এবং সিলেটের মাছিমপুরের মো. মোশারফ হোসেন (৩৬)। 

 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে পথচারীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ও মূল্যবান মালামাল ছিনতাই করে আসছিল। তারা সবাই আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।

 

অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, আটককৃত সব আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট ছিনতাইকারী আটক, এসএমপি অভিযান, সিলেট নগরী, চাকুসহ আটক, সিলেট অপরাধ খবর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ