২৪ মে ২০২৬

অপরাধ-বিচার / মামলা

সিলেটে নিহত র‌্যাব সদস্যের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৩ মে, ২০২৬ ৯:২০ অপরাহ্ন

ছবিঃ নিহত র‍্যাব-৯ এর সদস্য ইমন আচার্য। সংগৃহীত

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত র‌্যাব-৯ এর সদস্য ইমন আচার্যের মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুর ১টার দিকে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর নিহতের স্বজনরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর উদ্দেশ্যে রওনা হন।

 

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ইমনের বড় ভাই সুজিত আচার্য বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তারকৃত বাপ্পিকে একমাত্র আসামি করা হয়েছে।

 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম। তিনি বলেন, ‘নিহতের বড় ভাই ইমন আচার্য বাদী হয়ে গ্রেপ্তারকৃত বাপ্পীকে একমাত্র আসামি করে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আদালতে প্রেরণের পর গ্রেপ্তারকৃত আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বর্তমানে মামলাটির পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।’

 

এর আগে গতকাল শুক্রবার দুপুরে নগরীর ক্বিন ব্রিজ এলাকায় ছিনতাইকারী চক্রের সদস্য ও কাজীরবাজার এলাকার আবুল হোসেনের ছেলে আসাদুল আলম বাপ্পিকে আটকের চেষ্টা করেন সাদা পোশাকে থাকা র‌্যাব সদস্য ইমন আচার্য। তখন ধস্তাধস্তির একপর্যায়ে বাপ্পি তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

হত্যাকাণ্ডের পরপরই স্থানীয়দের সহযোগিতায় বাপ্পিকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়।

 

মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর শনিবার দুপুর একটার দিকে নিহতের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহজারির দিকে রওয়ানা করেছে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ইমন আচার্য, সিলেট র‍্যাব সদস্য নিহত, ক্বিন ব্রিজ হত্যা, আসাদুল আলম বাপ্পি, সিলেট হত্যা মামলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ