২৩ মে ২০২৬

যাপিতজীবন

সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল আরও পাঁচ শিশুর, একদিনে মৃত্যুতে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ মে, ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, হামের উপসর্গে একদিনে পাঁচ শিশুর মৃত্যুর ঘটনা এটিই প্রথম। এর আগে একদিনে সর্বোচ্চ তিন শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল।

 

শুক্রবার (২২ মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে তিনজনের বাড়ি সুনামগঞ্জ জেলায়। এছাড়া একজন সিলেট ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা।

 

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। তাদের মধ্যে একজনের বাড়ি সুনামগঞ্জ এবং অন্যজনের বাড়ি হবিগঞ্জে।

 

একই সময়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের একজনের বাড়ি সুনামগঞ্জ এবং অন্যজন সিলেট জেলার বাসিন্দা।

 

এছাড়া সুনামগঞ্জ জেলা হাসপাতাল-এ চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাড়িও সুনামগঞ্জ জেলায়।

 

এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে চারজন। বাকি ৪৩ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

 

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন করে ৭৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮৩ জন রোগী।

 

তবে একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে কারও হামে আক্রান্ত হওয়ার তথ্য শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেট, হাম, মৃত্যু, রেকর্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ