জৈন্তাপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ২২ মে, ২০২৬ ৮:১৯ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাড়ির পাশের খাল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকারখা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো, শিকারখা গ্রামের কবির আহমেদের মেয়ে রাফা আক্তার মাঈশা (৫) এবং সালেহ আহমদের ছেলে মুন্না আহমদ (৪)।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার দুপুরে শিশু দুটির চাচা জাকারিয়া আহমদ বাড়ির পাশের হাওরে গরু চরাতে যাচ্ছিলেন। এ সময় দুই শিশুও তাঁর পিছু নেয়। পরে তিনি শিশু দুটিকে বাড়িতে ফিরে যেতে বলে নিজে গরু নিয়ে চলে যান।
দুপুর দুইটার দিকে শিশুদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরসংলগ্ন রাহুরখালে শিশু দুটির লাশ ভাসতে দেখা যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুদের চাচা জাকারিয়া আহমদ বলেন, গরু চরাতে যাওয়ার সময় তারা আমার সঙ্গে গিয়েছিল। পরে বাড়িতে পাঠিয়ে দিই। কিছুক্ষণ পর মানুষের চিৎকার শুনে খালের পাশে গিয়ে দেখি তাদের উদ্ধার করা হচ্ছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, পরিবারের অজান্তেই শিশু দুটি পানিতে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সিলেট, জৈন্তাপুর, মৃত্যু, শিশু