২১ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

বিয়ানীবাজারে পৃথক দুর্ঘটনায় শিশু ও বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২০ মে, ২০২৬ ৯:১০ অপরাহ্ন


সিলেটের বিয়ানীবাজার উপজেলায় একই দিনে পৃথক দুটি দুর্ঘটনায় এক শিশু ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে উপজেলার মাথিউড়া ও মুড়িয়া ইউনিয়নে এই ঘটনাগুলো ঘটে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মাথিউড়া ইউনিয়নের পুরুষপাল গ্রামের নুর উদ্দিন এবং মুড়িয়া ইউনিয়নের সারপার গ্রামের গৃহকর্মীর সাড়ে তিন বছর বয়সী কন্যাসন্তান মুনতাহা আক্তার। জানা গেছে, নিহত ওই শিশুর বাবার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুরে নিজ বাড়ির আঙিনায় আম গাছে ওঠেন বৃদ্ধ নুর উদ্দিন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। 

অন্যদিকে, সারপার গ্রামে দুপুরের দিকে ঘরের ভেতর অর্ধেক পানি ভর্তি একটি প্লাস্টিকের বালতির ভেতর শিশু মুনতাহাকে অচেতন অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, দুটি ঘটনার খবরই আমরা পেয়েছি। এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, বিয়ানীবাজার, মরদেহ, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ