২৩ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / বিচার

অবশেষে বদলি ছাতকের বিতর্কিত পিআইও মাহবুবুর রহমান

প্রতিনিধি, ছাতক, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৬ মে, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ন


সুনামগঞ্জের ছাতক উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কেএম মাহবুবুর রহমানকে বদলি করা হয়েছে। 

সোমবার (২৬ মে) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন-১) ও উপসচিব তাসনুভা নাশতারান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ভোলা জেলার দৌলতখান উপজেলায় বদলি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ২ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে তাকে বর্তমান কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।

২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ছাতকে যোগদানের পর থেকে কেএম মাহবুবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি ও ঘুষ নেওয়ার একাধিক অভিযোগ উঠে। বিশেষ করে ২০২৪-২৫ অর্থবছরের টিআর, কাবিখা, কাবিটা ও এডিপির ২২৭টি প্রকল্পে অনিয়মের অভিযোগ সম্প্রতি নতুন করে সামনে আসে। অভিযোগ রয়েছে, তিনি প্রকল্প অনুমোদন ও বিল উত্তোলনে নিয়মিত ঘুষ দাবি করতেন।

১৬ মে এসব অভিযোগ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়। পরদিন অফিস না করে তিন দিনের ছুটি চেয়ে একটি আবেদন কার্যালয়ের টেবিলে রেখে গা-ঢাকা দেন তিনি। এতে প্রকল্পের কাজ সম্পন্ন করেও বিল পাচ্ছিলেন না সংশ্লিষ্ট কমিটির সদস্যরা।

এ বিষয়ে একাধিকবার জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পিআইওর কর্মকাণ্ড নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়। 

সুনামগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাসিবুল হাসান বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, 'দ্রুত ছাতকে একজন নতুন পিআইও পদায়নের ব্যবস্থা নেওয়া হবে।'


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ছাতক পিআইও বদলি, কেএম মাহবুবুর রহমান দুর্নীতি, ছাতক ঘুষ কেলেঙ্কারি, টিআর কাবিখা প্রকল্প

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ