১২ মে ২০২৬

কৃষি

দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান ভেসে ওঠতেই লুটের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ১২ মে, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরাম হাওরের একাংশে তলিয়ে যাওয়া জমির ধান ভেসে ওঠতেই লুটের অভিযোগ ওঠেছে। গত কয়েক দিনের টানা রোদে হাওরের পানি কমতে শুরু করায় ডুবে থাকা পাকা ধান ভেসে উঠছে। এ সুযোগে একদল লোক নৌকাযোগে ধান কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভরাম হাওরের পানি কমতে শুরু করলে নোয়াগাঁও-সন্তোষপুর, বাউসী ও চন্দ্রপুর এলাকার কিছু লোক শতাধিক নৌকা নিয়ে হাওরে প্রবেশ করে ধান কাটা শুরু করে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত নৌকা নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

ভরাম হাওরের কৃষক ভাঙাডহর গ্রামের হরিবল দাস অভিযোগ করে বলেন, জোরপূর্বক আমাদের ধান কেটে নিয়ে যাচ্ছে। আমরা বাধা দিলেও তারা কোনো কথা শুনছে না। ধান লুটের খবর পেয়ে সকাল প্রায় ১১টার দিকে দিরাই থানা পুলিমের উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হক মাসুমের নেতৃত্বে হাওরে অভিযান পরিচালনা করা হয়। তবে পুলিশের অভিযান টের পেয়ে লুটপাটে জড়িত নৌকাগুলো দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

 

তাড়ল ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য বাবুল দাস বলেন, ‘আমাদের এই হাওরের ষোল আনা ধানের মধ্যে চৌদ্দ আনা ধান লাগাতার বৃষ্টির পানিতে ডুবে গেছে। কয়েক দিনের রোদে হাওরের তলিয়ে যাওয়া পাকা ধান ভাসতে শুরু করলে বাউসী, নোয়াগাও-সন্তোষপুর ও চন্দ্রপুর এলাকার কতিপয় কিছু লোক আমাদের হাওরের ধান লুট করে নিয়ে যাচ্ছে।

 

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে লুট কারীরা পালিয়ে যায়। আমরা তাড়ল ইউনিয়নের ৩ জন ইউপি সদস্যের সাথে কথা বলছি, তাঁরা বলেছেন সন্ধ্যায় প্রতিটি ওয়ার্ডে মাইকে ঘোষণা দিয়ে জানানো হবে জমির সীমানা নির্ধারণ না করে যাতে কোন কৃষক তলিয়ে যাওয়া জমির ধান কাটতে না যান।

 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী বলেন, পানিতে জমির আইল তলিয়ে যাওয়ায় সীমানার বাইরে গিয়েও অনেকে ধান কাটছেন। এ বিষয়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে হাওরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


শেয়ার করুনঃ

কৃষি থেকে আরো পড়ুন

দিরাই, ধান লুট, ভরাম হাওর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ