১২ মে ২০২৬

দৈনন্দিন

বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’র ভিত্তিপ্রস্তর স্থাপন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১২ মে, ২০২৬ ৭:২৮ অপরাহ্ন


সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর (রুগনপুর) এলাকায় রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ‘আত্ব-তাকওয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

মঙ্গলবার (১২ মে) বিকেলে প্রকল্পস্থলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক। তিনি ফলক উন্মোচন ও মোনাজাতের মাধ্যমে প্রশিক্ষণ কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, বর্তমান সময়ে কারিগরি শিক্ষার গুরুত্ব অত্যন্ত বেশি। দক্ষ জনশক্তি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। তিনি রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান ও যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবী আলী আহমদ নেছাওরসহ প্রকল্পসংশ্লিষ্টদের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি ব্যক্তিগতভাবে এবং সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের সহসভাপতি ছানাওর আহমদ সিতাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু এবং প্রকল্পের প্রচার সম্পাদক শাহ মো. হেলাল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, প্রকল্পের অন্যতম ফাউন্ডার ও সহসাধারণ সম্পাদক ছহুল এ মুনিম, ফাউন্ডার ও কোষাধ্যক্ষ আব্দুল হক আবু, যুক্তরাজ্যপ্রবাসী জয়নাল আবেদীন, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সোহেল, লালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী সিফতা, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী, সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমির আলী এবং প্রকল্পের নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার তরুণ-তরুণীদের কর্মমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আলী হুসেন।

 

উল্লেখ্য, রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে একটি মাতৃত্বকালীন ক্লিনিকের কাজ শুরু হয়েছে। গত ১২ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ওই ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া প্রকল্পের আওতায় এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা ও নার্সিং হোম প্রতিষ্ঠারও পরিকল্পনা রয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বালাগঞ্জ, আত্ব-তাকওয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে, দেওয়ান বাজার, সিলেট ৩

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ