৩০ জুলাই ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

আজ থেকে আর কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ জুলাই, ২০২৬ ৫:১৪ অপরাহ্ন

ছবিঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‌‘আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকব।’

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের গোলাপগঞ্জে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমের গাড়িবহরে হামলার প্রেক্ষাপটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাকে তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য। আমি আজকে থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখি উনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে। আমরা সেই মাত্রাটা দেখব।

তিনি জানান, এর আগের রাতে তাঁরা মামলা করেছেন এবং ভিডিও ফুটেজে যাদের শনাক্ত করা গেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, আমরা গতকাল রাতে মামলাটা করেছি এবং সেই মামলায় যারা ভিডিও ফুটেজে ছিল, যাদের হাত ভেঙে দেওয়া হয়েছে, অনেকের চোখ তোলা হয়েছে এটা যারা করেছে, তা স্পষ্ট ভিডিও ফুটেজে আছে। আমরা গতকাল অভিযোগ দিয়েছি। তবে সেখানে অভিযোগে কিছু সংশোধন আসছে, কারণ একজন ব্যক্তির নাম সেখানে ছিল, যেটা ভিডিওতে ছিল না। পুলিশ সুপার জানিয়েছেন, আজ পূর্ণ সংশোধনী চলে আসবে, ইনশাআল্লাহ আমরা আজই এফআইআরের কপি পেয়ে যাব।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ❝আমরা আশা করব, বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি আছে, সেখান থেকে বের হয়ে তারেক রহমান যে সরকার গঠন করেছেন, তাঁরা বিচার করবেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি—একজন ইন্টারের ছেলে, যে কাউকে কখনো মারতে যায়নি, তার বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী, এখন অপারেশন থিয়েটারে আছে। আপনি কি পারবেন তার চোখটা ফেরত দিতে? আমরা বাংলাদেশে আর কোনো সহিংস রাজনীতি দেখতে চাই না। আমরা এতটুকুই বলব প্রিয় তারেক রহমান, আলিফের চোখটা ফেরত দিন। আমরা চুপ হয়ে যাব, আর কিছু বলব না। আপনি আপনার ক্ষমতা চালান, আমরা কিছু চাই না। কিন্তু আমাদের আলিফের চোখটা ফেরত চাই।

সিলেটে বিজিবির পাঁচ প্লাটুন মোতায়েনের পরও হামলার ঘটনা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এখন আমাদের ছাত্রশক্তির একজন কুড়িগ্রামের আহ্বায়কের মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে, সে রক্তাক্ত। বিভিন্ন জায়গায় পুরো বাংলাদেশে একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে। আমরা সন্ত্রাসের এই রাজত্ব প্রতিহত করব। দেশের গণতন্ত্রের পক্ষে, গণভোটের রায়ের পক্ষে ১১ দল ঐক্যবদ্ধ আছে, থাকবে। সন্ত্রাস মোকাবিলায় শুধু ১১ দল নয়, আমরা বাংলাদেশের আপামর ছাত্রজনতাসহ সব গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, গতকাল হবিগঞ্জ থেকে আজ গোলাপগঞ্জ আমরা যা দেখছি, তাতে সন্ত্রাসীদের অভয়ারণ্যে দেশকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মুক্ত হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে। আমরা গোলাপগঞ্জে যাব, দেখি এই সরকারের কত সন্ত্রাসী আছে, তারা কতটুকু প্রতিরোধ করতে পারে। কিন্তু গণভোটের রায়, সংস্কার ও বিচারের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, তাহলে সরকার সংস্কার চাইছে না। সরকার কোনো ধরনের গণতান্ত্রিক পরিবর্তন করতে দেবে না এবং কোনো রাজনৈতিক শক্তির নতুন উত্থান ঘটুক, সেটাও চাইছে না। পুরোনো কায়দায় বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল, একই কায়দায় এখন আমাদের গাড়িবহরে হামলা করা হচ্ছে। এর জবাব ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ দেবে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, রাজনীতি, জাতীয় নাগরিক পার্টি, নাসীরুদ্দীন পাটওয়ারী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ