
সিলেট নগরের বন্দরবাজার এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে লালবাজার এলাকার হোটেল আলী আবাসিকে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল আহমদ (৩৫) সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে নগরের নয়াসড়ক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নগরের হাসান মার্কেটে তার ব্রিফকেস ও বিভিন্ন ধরনের ব্যাগের ব্যবসা ছিল।
পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, সোহেল আহমদ হোটেল আলী আবাসিকের দ্বিতীয় তলার ১০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় হোটেলের কর্মীরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানো হয়। পরে কর্তৃপক্ষ কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পরে সোহেল আহমদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সিলেট, বন্দরবাজার, লালবাজার, আবাসিক হোটেল, ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, সোহেল আহমদ, কোতোয়ালি থানা, ঝুলন্ত মরদেহ


