বাতিল আদেশ প্রত্যাহার, সিলেটে প্রকাশক পরিষদের বইমেলা শুরু ১০ মে
সিলেটজুড়ে
প্রকাশঃ ৮ মে, ২০২৬ ৮:০১ অপরাহ্ন
সিলেটে প্রকাশক পরিষদের আয়োজনে বইমেলার অনুমতি বাতিলের দুই সপ্তাহ পর আবারও মেলা আয়োজনের অনুমতি দিয়েছে প্রশাসন। কথিত অভিযোগের তদন্তে সত্যতা না পাওয়ায় আগামী ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে বইমেলা আয়োজন করা হবে।
শুক্রবার (৮ মে) প্রকাশক পরিষদ সিলেটের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি), সিলেট সিটি করপোরেশন ও সিলেট জেলা পরিষদের সহযোগিতায় বইমেলাটি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৪ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে বইমেলার আয়োজন করা হয়েছিল। তবে মেলা শুরুর আগের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা উল্লেখ করে অনুমতি বাতিল করে এসএমপি।
প্রকাশক পরিষদ জানায়, বইমেলাকে ঘিরে ওঠা অভিযোগের বিষয়ে পুলিশ প্রশাসন প্রায় দুই সপ্তাহ তদন্ত চালায়। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় পরে প্রকাশক পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করে মেলা আয়োজনের তাগিদ দেওয়া হয়। এরপর নতুন দিনক্ষণ নির্ধারণ করে প্রশাসনকে অবহিত করা হয়।
সংগঠনটির নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার আমলেও একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছিল বইমেলা। গত বছর ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি প্রকাশক পরিষদ সিলেট বইমেলার আয়োজন করলেও তখনও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা বলে মেলা বাতিল করা হয়েছিল।
তাঁদের ভাষ্য, অন্তর্বর্তী সরকারের পর নির্বাচিত সরকার আমলেও বইমেলার মতো একটি সৃজনশীল আয়োজন বাধাগ্রস্ত হওয়ায় প্রকাশক পরিষদসহ দেশে ও বিদেশে সংস্কৃতিমনস্ক মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। পরে প্রশাসনের তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় মেলা আয়োজনের পথ আবার উন্মুক্ত হয়।
আগামী ১০ মে রোববার বিকেল ৩টায় বইমেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আব্দুল কাইয়ুম চৌধুরী।
প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে। আয়োজকেরা জানিয়েছেন, বইমেলাকে ঘিরে পাঠক, লেখক ও সংস্কৃতিমনস্ক মানুষের অংশগ্রহণে নানা আয়োজন থাকবে।
সিলেট, প্রকাশক পরিষদ, বইমেলা