তোমরাই হচ্ছো বাংলাদেশের ভবিষ্যৎ: শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ২ মে, ২০২৬ ৫:২৫ অপরাহ্ন
দীর্ঘ বক্তৃতার বদলে শিশু-কিশোরদের সঙ্গে সরাসরি গল্পে মেতে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্যালারিভর্তি ছোট্ট দর্শকদের উদ্দেশে তিনি বলেন, আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট কারা জানো? তোমরা এই গ্যালারিতে যারা বসে আছো, তোমরাই আজকের প্রধান অতিথি, তোমরাই হচ্ছো বাংলাদেশের ভবিষ্যৎ।
শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে শত শত শিশু-কিশোরের উপস্থিতিতে দীর্ঘ ১৯ বছর 'নতুন কুঁড়ি স্পোর্টস' এর উদ্বোধন শেষে এমন মন্তব্য করেন তিনি।
আলোচনার শুরুতেই প্রধানমন্ত্রী শোনালেন 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর জন্মের গল্প। প্রায় সাড়ে চার বছর আগে লন্ডনে একটি রেস্টুরেন্টে বসে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে কথা বলতে বলতেই এই ধারণার সূচনা হয়েছিল বলে জানান তিনি।
শিশুদের উদ্দেশে তারেক রহমান বলেন, "তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে।"
পড়ালেখার পাশাপাশি খেলাধুলার ওপর জোর দিয়ে তিনি বলেন, পড়ালেখা কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না, তবে একই সঙ্গে খেলতেও হবে। যে খেলোয়াড় হতে চায় তাকে খেলোয়াড় হতে হবে, যে গায়ক হতে চায় তাকে গায়ক হতে হবে রাষ্ট্র সেই পথ তৈরি করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
ভবিষ্যতের নেতৃত্বের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, তোমাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানের খেলোয়াড়, ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি তৈরি হবে। তোমাদের মধ্যে থেকেই একদিন এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে।
২০২৪ সালের ৫ আগস্টের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই দেশের ছাত্রজনতা দেশকে আবার স্বাধীনতার পথ দেখিয়েছে। এখন সেই পথে সামনে এগিয়ে যাওয়ার দায়িত্ব এই প্রজন্মের।
বক্তব্যের শেষে শিশুদের সঙ্গে প্রতিজ্ঞা নেন তারেক রহমান এই বাংলাদেশ তোমার। এই বাংলাদেশকে গড়ে তুলবে তুমি। বিশ্বের বুকে পরিচিত করাবে তুমি।
এদিকে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট এই আটটি ইভেন্টে সারাদেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তার ভাষায়, এটি একটি যুগান্তরকারী কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের দক্ষ খেলোয়াড় গড়ে তোলার শক্তিশালী প্ল্যাটফর্ম।
সিলেট, প্রধানমন্ত্রী, তারেক রহমান, নতুন কুঁড়ি স্পোর্টস