০৩ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার

কানাইঘাট সীমান্তে আরও ২১ জনকে পুশব‍্যাক করেছে 'বিএসএফ'

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট

প্রকাশঃ ২৪ মে, ২০২৫ ৫:১৫ অপরাহ্ন

ছবিঃ বিজিবির সৌজন্যে।

গত ১৪ মে ১৬ জন বাংলাদেশীকে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত দিয়ে পুশব্যাক করার পর একই উপজেলার ডনা সীমান্ত দিয়ে আবারও ২১ জন বাংলাদেশিকে পুশব‍্যাক করেছে 'ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)'। 


শনিবার (২৪ মে) সকালে উপজেলার সীমান্তবর্তী লোভাছড়া এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর একটি টহল দল তাদের আটক করে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। 


বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার এসকল তথ্য নিশ্চিত করেছেন।


পুশব্যাককৃত ব্যক্তিদের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার চন্দ্রকোনা গ্রামের মৃত বাতেনের পুত্র নুর মোহাম্মদ (৪০), তার স্ত্রী রেজিয়া বিবি (৩০), তাদের পুত্র রিয়াজুল (২১), রবিউল (১১), মেয়ে নুর বানু (৮), নুর মনি (৩), নুরী (০১), পুত্রবধু আলমিনা (২১), একই থানার ধর্মপুর গ্রামের মৃত আব্দুলের পুত্র শাহ জামাল (৫০), তার স্ত্রী হাছনা বানু (৪৩), তাদের পুত্র হামিদুল ইসলাম (৩২), হাফিজুল (১৯), হাসানুর (১৪), পুত্রবধু মিতা (২৫), হামিদুলের শিশু মেয়ে হালিমা (৪), ছেলে মারুফ (২)।


এছাড়াও আছেন নাটোর জেলার লালপুর গ্রামের কাংগাল শেখের পুত্র আইয়ুব আলী (৪০), একই গ্রামের রবেশ শেখের পুত্র বিষু শেষ, রাজশাহী জেলার সদর থানার কাজিহাটা গ্রামের বজলুর রহমানের পুত্র আলি রেহমান (২৮), নিজাম উদ্দিন (২২), একই জেলার চক রাজাপুর গ্রামের মইন উদ্দিন সরকারের পুত্র পলাশ সরকার।


লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের জানান যে অনুপ্রবেশকৃত ব্যক্তিদের প্রাথমিক পরিচয় নিশ্চিত করার পর তাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।


এর আগে চলতি মাসের ১৪ তারিখে একই উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশব‍্যাক করেছিল বিএসএফ। পরে তাদের বাংলাদেশি পরিচয় নিশ্চিত হয়ে তাদেরকে আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দেয়া হয়।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

কানাইঘাট, লোভাছড়া, বিজিবি, বিএসএফ, পুশইন, বাংলাদেশী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ