সিলেটে হোটেল দখলকে কেন্দ্র করে হত্যার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ মে, ২০২৬ ৬:২০ অপরাহ্ন
সিলেটের খাদিম এলাকায় এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (জাকারিয়া সিটি) দখলকে কেন্দ্র করে একজন ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও কয়েকজনকে শনাক্ত করে অভিযান চলছে।
শুক্রবার (১ মে) দুপুরে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মঞ্জুরুল আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ জানায়, হোটেল ও রিসোর্ট দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে ভাড়াটে লোক নিয়োগ করে পরিকল্পনা সাজায়।
এ ঘটনায় লিজগ্রহীতা রাহাত চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রতিপক্ষের পক্ষ থেকে পরিকল্পিত হামলা ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, সুজন নামের এক ব্যক্তিকে ভাড়া করে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হয় এবং মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমেও বিষয়টি সমন্বয় করা হচ্ছিল।
পুলিশ আরও জানায়, তথ্য পাওয়ার পর ২৮ এপ্রিল সন্ধ্যায় অভিযুক্তরা রিসোর্টে প্রবেশের চেষ্টা করলে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে চলে যায়।
পরবর্তীতে ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে শাহপরান (রহ.) থানায় মামলা রুজু করা হয়। এ ঘটনায় হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাসুকুর রহমান (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আগে থেকেই অন্য একটি মামলায় গ্রেপ্তার থাকায় তাকে শ্যোন এরেস্ট দেখানো হয়েছে বলে জানায় পুলিশ।
এদিকে, এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।”
সিলেট, পুলিশ, ছাত্রদল, হোটেল