২৬ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / প্রযুক্তি

মিস্টার বিস্টের ‘বিস্ট গেমস’ এর ফাইনালে হবিগঞ্জের সাদী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ এপ্রিল, ২০২৬ ৮:৪১ অপরাহ্ন

ছবিঃ কাজী মোবারক হোসেন সাদী। সিলেট ভয়েস

বিশ্বখ্যাত মার্কিন ইউটিউবার মিস্টার বিস্টের (MrBeast) জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিস্ট গেমস’ সিজন-৩ এর ফাইনালে প্রতিযোগীতার সুযোগ পেয়েছেন হবিগঞ্জের কাজী মোবারক হোসেন সাদী নামে এক শিক্ষার্থী।


জানা গেছে, মিস্টার বিস্টের জনপ্রিয় ওই শো’তে বাংলাদেশ থেকে তিনজন তরুণ-তরুণী ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে একজন হলেন সাদী। প্রতিযোগীদের মধ্য থেকে ভোটের মাধ্যমে একজনকে মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

কাজী মোবারক হোসেন সাদী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৯ নং পুঁকড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের কাজী মুজিবুল হোসেনের ছেলে। সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হয়ে বর্তমানে তিনি দেশের স্বনামধন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে (২০২৩-২৪ সেশন) লেখাপড়া করছেন।

এদিকে প্রতিযোগিতার চূড়ান্ত আসরে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে মার্কিন দূতাবাসে বি১/বি২ ভিসার সাক্ষাৎকার সম্পন্ন করেছেন সাদী। তবে মূল আসরে অংশ নিতে হলে তাকে আরও একটি ধাপ পার করতে হবে বলে সিলেট ভয়েসকে জানিয়েছেন তিনি। 

সাদী জানান, বাংলাদেশের নির্বাচিত তিনজন ফাইনালিস্টের মধ্য থেকে ভোটের মাধ্যমে একজনকে চূড়ান্তভাবে মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

প্রতিযোগিতার বিষয়ে সাদী বলেন, ‘মিস্টার বিস্টের এই শো’টি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে শ্যুট করা হবে। এটি আমার জন্য বিশাল এক সুযোগ। বাংলাদেশ থেকে তিনজন ফাইনালিস্ট নির্বাচিত হলেও শেষ পর্যন্ত একজনই মূল পর্বে যেতে পারবেন। 

তিনি আরও বলেন, ‘দেশবাসীর ভোটের মাধ্যমে চূড়ান্ত প্রতিযোগী নির্বাচিত হবেন। আমি সিলেটবাসীসহ সকল বাংলাদেশিদের কাছে সমর্থন ও ভোট প্রার্থনা করছি।’

উল্লেখ্য, ‘বিস্ট গেমস’ বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ রিয়েলিটি শো হিসেবে পরিচিত, যেখানে অংশগ্রহণকারীরা বিশাল অঙ্কের পুরস্কার এবং বৈশ্বিক পরিচিতি পাওয়ার সুযোগ পান।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

মিস্টার বিস্ট, বিস্ট গেমস, হবিগঞ্জ সাদী, বাংলাদেশ ফাইনালিস্ট, আন্তর্জাতিক রিয়েলিটি শো

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ