মার্কিন প্রতিনিধি দল পৌঁছার আগেই ইসলামাবাদ ছাড়ল ইরানের প্রতিনিধিদল
বিশ্বজুড়ে
প্রকাশঃ ২৫ এপ্রিল, ২০২৬ ৯:১৫ অপরাহ্ন
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর শেষে দেশটি ছেড়েছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দলটির নেতৃত্বে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিনের সঙ্গে বৈঠক শেষে প্রতিনিধিদলটি ইসলামাবাদ ত্যাগ করে।
খবরে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতির জন্য যে শর্তগুলো রয়েছে, তার একটি আনুষ্ঠানিক তালিকা পাকিস্তানি নেতাদের কাছে হস্তান্তর করেছেন আরাগচি।
এর আগে ইরানের গণমাধ্যম জানায়, পাকিস্তান সফরের পাশাপাশি ইরানের এই প্রতিনিধিদল ওমান ও রাশিয়া সফরেরও পরিকল্পনা রয়েছে।
এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, শনিবার যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে। এই দলে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার থাকার কথা রয়েছে।
ইরান পাকিস্তান সম্পর্ক, আব্বাস আরাগচি, ইসলামাবাদ বৈঠক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল, আন্তর্জাতিক কূটনীতি